Claude AI দিয়ে নিজের পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করুন এবং cPanel হোস্টিংয়ে লাইভ করুন

আপনি কি একজন ফ্রিল্যান্সার, ডেভেলপার, ডিজাইনার বা যেকোনো প্রফেশনাল ব্যক্তি যিনি নিজের একটি পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে চাচ্ছেন? কোডিং না জেনেও কি প্রফেশনাল ওয়েবসাইট বানানো সম্ভব? হ্যাঁ, এখন সম্ভব — শুধুমাত্র Claude AI-এর সাহায্যে!

এই আর্টিকেলে আমি ধাপে ধাপে দেখাবো কীভাবে Claude AI-কে সঠিক প্রম্পট দিয়ে একটি সম্পূর্ণ পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে হয় এবং সেটিকে cPanel হোস্টিংয়ের মাধ্যমে ইন্টারনেটে লাইভ করতে হয়।

এমনিতে প্রফেশনাল পোর্টফোলিও ওয়েবসাইট বানানোর জন্য বেশিরভাগ লোকেরা ওয়ার্ডপ্রেস ব্যবহার করে থাকেন। তবে এখানে আমি নিজে কোনো কোডিং করা ছাড়াই আপনাদের বেসিক একটি পোর্টফোলিও সাইট বানিয়ে দেখাবো।

আমার তৈরি করা সাইটটির ডেমো দেখে নিনঃ

আর আগেই বলে রাখি, এই গাইডটি তাদের জন্য যারা:

  • কোডিং সম্পর্কে তেমন জ্ঞান রাখেন না
  • দ্রুত ও সাশ্রয়ী উপায়ে পোর্টফোলিও বানাতে চান
  • নিজের কাজ অনলাইনে শোকেস করতে আগ্রহী
  • ওয়েব হোস্টিং ও ডোমেইন সম্পর্কে মৌলিক ধারণা রাখেন

সাইটটি বানানোর জন্য যা কিছু দরকার হবে

শুরু করার আগে নিচের জিনিসগুলো প্রস্তুত রাখুন:

  1. Claude AI অ্যাকাউন্টclaude.ai তে একটি ফ্রি অ্যাকাউন্ট খুলে নিন
  2. একটি ডোমেইন নেম — যেমন: yourname.com
  3. একটি ওয়েব হোস্টিং প্ল্যান — cPanel সহ যেকোনো শেয়ার্ড হোস্টিং
  4. একটি কম্পিউটার বা স্মার্টফোন এবং ইন্টারনেট সংযোগ
  5. আপনার পোর্টফোলিওর তথ্য — নাম, পরিচিতি, স্কিল, প্রজেক্টের বিবরণ, কনটাক্ট ইনফরমেশন

ধাপ ১: Claude AI-তে অ্যাকাউন্ট তৈরি ও প্রস্তুতি

১.১ অ্যাকাউন্ট তৈরি করুন

প্রথমে claude.ai ওয়েবসাইটে যান এবং আপনার গুগল বা ইমেইল দিয়ে একটি ফ্রি অ্যাকাউন্ট তৈরি করুন। অ্যাকাউন্ট তৈরি করার পর নিচের মতো ইন্টারফেস চলে আসবে।

১.২ পোর্টফোলিওর তথ্য গুছিয়ে নিন

Claude AI-কে প্রম্পট দেওয়ার আগে নিচের তথ্যগুলো একটি নোটবুকে বা ওয়ার্ড ফাইলে লিখে রাখুন:

  • আপনার পুরো নাম
  • পেশা বা পরিচয় (যেমন: ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার, ওয়েব ডেভেলপার)
  • সংক্ষিপ্ত বায়ো (৩-৪ লাইন)
  • দক্ষতার তালিকা (Skills)
  • প্রজেক্টের তালিকা (নাম, বিবরণ, লিংক)
  • যোগাযোগের তথ্য (ইমেইল, ফোন, সোশ্যাল মিডিয়া)
  • পছন্দের রঙ এবং ডিজাইন স্টাইল

ধাপ ২: Claude AI-কে সঠিক প্রম্পট দিন

এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। Claude AI-কে যত বিস্তারিত এবং স্পষ্ট প্রম্পট দেবেন, ততই ভালো ফলাফল পাবেন।

২.১ কার্যকর প্রম্পট লেখার কৌশল

একটি ভালো প্রম্পটে নিচের বিষয়গুলো উল্লেখ থাকা উচিত:

  • কী বানাতে চান (পোর্টফোলিও ওয়েবসাইট)
  • কোন ফরম্যাটে চান (HTML, CSS, JavaScript — একটি ফাইলে)
  • ডিজাইনের ধরন (মডার্ন, মিনিমাল, ক্রিয়েটিভ)
  • কোন কোন সেকশন চান
  • ব্যক্তিগত তথ্য

২.২ নমুনা প্রম্পট (বাংলায়)

নিচে একটি কার্যকর প্রম্পটের উদাহরণ দেওয়া হলো। এটি কপি করে আপনার নিজের তথ্য দিয়ে পরিবর্তন করুন:

আমাকে একটি সম্পূর্ণ পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে দাও। নিচের শর্তগুলো মেনে চলো:

প্রযুক্তি:

সম্পূর্ণ কোড একটি HTML ফাইলে দাও (inline CSS এবং JavaScript সহ)

মোবাইল রেসপন্সিভ হতে হবে

মডার্ন এবং প্রফেশনাল ডিজাইন

সেকশনসমূহ:

1. Hero Section (নাম, পেশা, একটি CTA বাটন)

2. About Me (সংক্ষিপ্ত পরিচিতি)

3. Skills (প্রোগ্রেস বার বা আইকন দিয়ে)

4. Projects (কার্ড লেআউটে)

5. Contact (ফর্ম এবং সোশ্যাল লিংক)

আমার তথ্য:

নাম: [আপনার নাম]

পেশা: [আপনার পেশা]

বায়ো: [আপনার সংক্ষিপ্ত পরিচিতি]

দক্ষতা: [আপনার দক্ষতাগুলো]

প্রজেক্ট: [প্রজেক্টের বিবরণ]

ইমেইল: [আপনার ইমেইল]

ডিজাইন পছন্দ:

রঙ: গাঢ় নেভি ব্লু এবং গোল্ডেন অ্যাকসেন্ট

ফন্ট: আধুনিক sans-serif

অ্যানিমেশন: সূক্ষ্ম scroll animation

 

আমি যে প্রম্পটি দিয়েছিলাম সেটা এখান থেকে দেখে নিতে পারেনঃ Portfolio Website's Prompt

২.৩ Claude-এর রেসপন্স বুঝুন এবং কোড সংগ্রহ করুন

প্রম্পট পাঠানোর পর Claude একটি সম্পূর্ণ HTML কোড তৈরি করবে। কোডটি <html> ট্যাগ থেকে শুরু হয়ে </html> ট্যাগে শেষ হবে।

কোড কপি করার পদ্ধতি: Claude-এর রেসপন্সে কোড ব্লকের উপরের ডানদিকে "Copy" বাটন থাকে। সেটিতে ক্লিক করে পুরো কোড কপি করুন।

ধাপ ৩: HTML ফাইল তৈরি ও লোকালে পরীক্ষা করুন

৩.১ Notepad বা VS Code-এ ফাইল তৈরি

Windows ব্যবহারকারীদের জন্য:

  1. ডেস্কটপে বা যেকোনো ফোল্ডারে রাইট-ক্লিক করুন
  2. "New > Text Document" ক্লিক করুন
  3. ফাইলটির নাম দিন index.html (.txt এক্সটেনশন পরিবর্তন করতে ভুলবেন না)
  4. ফাইলটি খুলুন এবং Claude থেকে কপি করা কোড পেস্ট করুন
  5. Save করুন (Ctrl+S)

VS Code ব্যবহারকারীদের জন্য:

  1. VS Code খুলুন
  2. File > New File > নাম দিন index.html
  3. কোড পেস্ট করুন এবং Save করুন

৩.২ ব্রাউজারে পরীক্ষা করুন

index.html ফাইলটিতে ডাবল-ক্লিক করুন। ফাইলটি আপনার ডিফল্ট ব্রাউজারে খুলবে। ওয়েবসাইটটি দেখতে কেমন হয়েছে সেটা পরীক্ষা করুন।

৩.৩ পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন হলে

যদি কোনো কিছু পরিবর্তন করতে চান, Claude-কে আবার বলতে পারবেন। উদাহরণ:

"Hero section-এর background color পরিবর্তন করে #1a1a2e করো"

"Skills section-এ আরও ৩টি skill যুক্ত করো: Docker, Git, Figma"

"Contact form-এর বাটনের রঙ লাল থেকে সবুজ করো"

ধাপ ৪: হোস্টিং কেনা ও ডোমেইন সেটআপ

৪.১ হোস্টিং প্ল্যান নির্বাচন

পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য যেকোনো বেসিক শেয়ার্ড হোস্টিং প্যাকেজই যথেষ্ট। আপনি চাইলে ভালো একটি বাংলাদেশি ডোমেইন হোস্টিং কোম্পানি থেকে খুবই সাশ্রয়ী মূল্যে একটি শেয়ার্ড হোস্টিং প্যাকেজ কিনে নিতে পারবেন।

৪.২ ডোমেইন কানেক্ট করুন

হোস্টিং কেনার পর আপনার ডোমেইনটি হোস্টিং অ্যাকাউন্টের সাথে কানেক্ট করুন। সাধারণত হোস্টিং প্রোভাইডার থেকে Nameserver তথ্য পাওয়া যায় যা ডোমেইন প্রোভাইডারের DNS সেটিংসে যুক্ত করতে হয়।

Domain Nameserver

ধাপ ৫: cPanel-এ লগইন করুন

৫.১ cPanel অ্যাক্সেস করুন

আপনার হোস্টিং প্রোভাইডার থেকে প্রাপ্ত লগইন তথ্য ব্যবহার করে cPanel-এ প্রবেশ করুন। সাধারণত cPanel এর ঠিকানা এরকম হয়ে থাকে:

https://yourdomain.com/cpanel
অথবা
https://yourdomain.com:2083


৫.২ cPanel ড্যাশবোর্ড

লগইন করার পর cPanel-এর মেইন ড্যাশবোর্ড দেখতে পাবেন। এখানে অনেক অপশন থাকবে।

সিপ্যানেল মেইন ড্যাশবোর্ড


ধাপ ৬: File Manager-এ ফাইল আপলোড করুন

৬.১ File Manager খুলুন

cPanel ড্যাশবোর্ড থেকে "Files" সেকশনে যান এবং "File Manager" আইকনে ক্লিক করুন।

সিপ্যানেল ফাইল ম্যানেজার

৬.২ public_html ফোল্ডারে যান

File Manager খোলার পর বাম দিকে অনেকগুলো ফোল্ডার ট্রি দেখবেন। এগুলোর মধ্যে থেকে আপনাকে public_html ফোল্ডারে ক্লিক করতে হবে — এটাই আপনার ওয়েবসাইটের মূল ফোল্ডার।

সতর্কতা: যদি public_html-এ আগে থেকে কোনো ফাইল থাকে (যেমন: cgi-bin, index.php, welcome.html), সেগুলো ডিলিট করুন বা আগে ব্যাকআপ নিন।

৬.৩ index.html ফাইল আপলোড করুন

উপরের মেনু থেকে "Upload" বাটনে ক্লিক করুন।

একটি নতুন ট্যাব খুলবে। "Select File" বা "Browse" বাটনে ক্লিক করে আপনার তৈরি করা index.html ফাইলটি বেছে নিন।

ফাইল আপলোড সম্পন্ন হলে সবুজ চেকমার্ক বা ১০০% প্রোগ্রেস দেখাবে।

৬.৪ ছবি বা অতিরিক্ত ফাইল আপলোড (যদি থাকে)

যদি আপনার ওয়েবসাইটে কোনো ছবি ব্যবহার করতে চান তাহলে সেগুলোও একই ভাবে আপলোড করতে হবে। আপনি একটি images ফোল্ডার তৈরি করে সব ছবি সেখানে রাখতে পারেন।

নতুন ফোল্ডার তৈরি: উপরের মেনু থেকে "+ Folder" বা "New Folder" ক্লিক করুন।

ধাপ ৭: SSL সার্টিফিকেট সক্রিয় করুন (HTTPS)

ওয়েবসাইটকে নিরাপদ (https://) করতে SSL সার্টিফিকেট প্রয়োজন। বেশিরভাগ হোস্টিং প্রোভাইডার ফ্রিতে Let's Encrypt SSL দিয়ে থাকে।

৭.১ cPanel-এ SSL ইন্সটল করুন

cPanel ড্যাশবোর্ড থেকে "Security" সেকশনে গিয়ে "SSL/TLS" বা "Let's Encrypt SSL" খুঁজুন।

আপনার ডোমেইন সিলেক্ট করে "Install" বাটনে ক্লিক করুন।

৭.২ HTTP থেকে HTTPS রিডাইরেক্ট করুন

SSL ইন্সটলের পর .htaccess ফাইল ব্যবহার করে সব ট্রাফিক HTTPS-এ রিডাইরেক্ট করুন।

File Manager-এ public_html-এ যান, "New File" ক্লিক করুন, নাম দিন .htaccess। ফাইলটি এডিট করে নিচের কোড পেস্ট করুন:

RewriteEngine On
RewriteCond %{HTTPS} off
RewriteRule ^(.*)$ https://%{HTTP_HOST}%{REQUEST_URI} [L, R=301]

ধাপ ৮: ওয়েবসাইট লাইভ কিনা পরীক্ষা করুন

এখন ব্রাউজারে আপনার ডোমেইন নেম টাইপ করুন (যেমন: https://yourname.com) এবং দেখুন ওয়েবসাইটটি লোড হচ্ছে কিনা।

যেমন - আমি এই টিউটোরিয়ালটি তৈরি করতে গিয়ে আমার যে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করেছি সেটা দেখে নিন।

বিশেষ দ্রষ্টব্যঃ আমি আমার সাইটটি root domain এ তৈরি করিনি, এই কারণে আমি index.html ফাইলটি public_html ফোল্ডারে আপলোড করার স্ক্রিনশট দেইনি। তবে আর্টিকেলে বলা নিয়ম অনুযায়ী কাজ করলেই আপনার ওয়েবসাইটটি লাইভ হবে।

৮.১ মোবাইলে পরীক্ষা করুন

আপনার স্মার্টফোন থেকেও ওয়েবসাইটটি ভিজিট করুন এবং মোবাইল রেসপন্সিভনেস পরীক্ষা করুন।

ধাপ ৯: SEO অপ্টিমাইজেশন

৯.১ Meta Tags যুক্ত করুন

Claude-কে বলুন আপনার HTML ফাইলের <head> সেকশনে SEO-friendly meta tags যুক্ত করতে:

আমার index.html ফাইলের head সেকশনে নিচের তথ্য দিয়ে 
SEO meta tags যুক্ত করো:
- পেজ টাইটেল
- Meta description
- Open Graph tags (Facebook/LinkedIn শেয়ারের জন্য)
- Twitter Card tags
- Canonical URL

৯.২ Google Search Console-এ যুক্ত করুন

১. Google Search Console এ যান

২. আপনার ডোমেইন যুক্ত করুন

৩. HTML ট্যাগ বা DNS verification পদ্ধতিতে সাইট ভেরিফাই করুন

৪. Sitemap সাবমিট করুন

ধাপ ১০: ওয়েবসাইট আপডেট করার পদ্ধতি

ভবিষ্যতে যদি আপনার ওয়েবসাইটের কোনো কিছু আপডেট করতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে:

  1. Claude-কে বর্তমান কোড দেখাতে হবে এবং পরিবর্তনের জন্য নির্দেশ দিতে হবে
  2. আপডেটেড কোড কপি করতে হবে
  3. cPanel File Manager থেকে public_html এর ভেতরে থাকা পুরনো index.html ফাইলটি ডিলিট করে দিতে হবে
  4. শেষে নতুন ফাইলটি আপলোড করতে হবে

উপসংহার

এই গাইডটি অনুসরণ করে আপনি মাত্র কয়েক ঘণ্টার মধ্যে একটি প্রফেশনাল পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে অনলাইনে লাইভ করতে পারবেন। Claude AI-এর সাহায্যে কোডিং না জেনেও চমৎকার ওয়েবসাইট তৈরি করা এখন আর কঠিন কোনো বিষয় নয়।

মনে রাখবেন, প্রম্পট যত বিস্তারিতভাবে দিবেন, তত ভালো আউটপুট পেতে পারবেন।

FAQs

প্রশ্ন: Claude AI কি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায়?

উত্তর: হ্যাঁ, Claude.ai-তে একটি ফ্রি প্ল্যান আছে যা দিয়ে পোর্টফোলিও বানানোর জন্য যথেষ্ট।

প্রশ্ন: কোডিং না জেনে কি সত্যিই পোর্টফোলিও বানানো সম্ভব?

উত্তর: হ্যাঁ, Claude AI পুরো কোড তৈরি করে দেবে। আপনাকে শুধু সঠিক তথ্য ও নির্দেশ দিতে হবে।

প্রশ্ন: একটি ডোমেইন ও হোস্টিংয়ের জন্য কত খরচ হবে?

উত্তর: সাধারণত বার্ষিক ৳১, ৫০০ থেকে ৳৩, ০০০-এর মধ্যে একটি ডোমেইন ও বেসিক হোস্টিং পাওয়া যায়।

প্রশ্ন: ওয়েবসাইট লাইভ হতে কতক্ষণ সময় লাগে?

উত্তর: ফাইল আপলোডের পরপরই অনেক সময় লাইভ হয়। তবে নতুন ডোমেইনের ক্ষেত্রে DNS প্রোপাগেশনের জন্য ২৪-৪৮ ঘণ্টা লাগতে পারে।

প্রশ্ন: পরে কি ওয়েবসাইট পরিবর্তন করা যাবে?

উত্তর: অবশ্যই! Claude-কে আবার নির্দেশ দিয়ে কোড আপডেট করুন এবং cPanel-এ নতুন ফাইল আপলোড করুন।

এই আর্টিকেলটি সহায়ক মনে হলে শেয়ার করুন এবং নিচে টিউমেন্টে আপনার অভিজ্ঞতা জানান।

Level 1

আমি মোহাম্মদ আবু সফিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Passionate About Tech & AI


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস