
গত ২৮ এপ্রিল ২০২৬ তারিখে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লিতে ইউরেনিয়াম সংযোজনের মধ্য দিয়ে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করেছে। কিন্তু প্রশ্ন হলো—ইউরেনিয়াম থেকে আসলে কীভাবে বিদ্যুৎ তৈরি হয়?
প্রাকৃতিকভাবে ইউরেনিয়ামের প্রধান দুটি আইসোটোপ পাওয়া যায়—ইউরেনিয়াম-২৩৮ (U-238) এবং ইউরেনিয়াম-২৩৫ (U-235)। এ দুটিই তেজস্ক্রিয় হলেও বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে U-235।
তবে বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সরাসরি প্রাকৃতিক ইউরেনিয়াম ব্যবহার করা হয় না। ‘এনরিচমেন্ট’ বা সমৃদ্ধকরণ প্রক্রিয়ার মাধ্যমে এটিকে উপযোগী করা হয়। প্রাকৃতিক ইউরেনিয়ামে যেখানে U-238 থাকে প্রায় ৯৯.৩ শতাংশ এবং U-235 থাকে মাত্র ০.৭ শতাংশ, সেখানে এনরিচমেন্টের মাধ্যমে U-235-এর পরিমাণ বাড়িয়ে প্রায় ৫ শতাংশে নেওয়া হয়। একটি স্থিতিশীল চেইন বিক্রিয়া চালু রাখতে এই অনুপাত অত্যন্ত জরুরি।
বিদ্যুৎকেন্দ্রের চুল্লির (রিঅ্যাক্টর কোর) ভেতরে এই সমৃদ্ধ জ্বালানি নির্দিষ্টভাবে সাজানো থাকে। সেখানে বিশেষ ধরনের নিউট্রন দিয়ে U-235-এর নিউক্লিয়াসে আঘাত করা হয়। এর ফলে নিউক্লিয়াসটি ভেঙে গিয়ে দুটি ছোট নিউক্লিয়াস, কয়েকটি নতুন নিউট্রন এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে। উৎপন্ন হওয়া এই নিউট্রনগুলো আবার পাশের অন্যান্য U-235 নিউক্লিয়াসে আঘাত করে একই প্রক্রিয়া চালিয়ে যায়। এভাবেই গড়ে ওঠে একটি ধারাবাহিক চেইন বিক্রিয়া, যা ক্রমাগত শক্তি উৎপন্ন করতে থাকে।
এই বিপুল শক্তিকে সরাসরি বিদ্যুতে রূপান্তর করা হয় না। প্রথমে তা ব্যবহার করে পানিকে উত্তপ্ত করে বাষ্পে পরিণত করা হয়। এই উচ্চচাপের বাষ্প টারবাইনের ব্লেড ঘোরায়। টারবাইনের সঙ্গে সংযুক্ত শ্যাফট ঘুরতে থাকলে জেনারেটরের মাধ্যমে উৎপন্ন হয় বিদ্যুৎ।
মূলত, বিদ্যুৎ উৎপাদনের শেষ ধাপ—টারবাইন ও জেনারেটরের ব্যবহার—প্রায় সব ধরনের বিদ্যুৎকেন্দ্রেই একই রকম। পার্থক্যটা কেবল শক্তির উৎসে। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শক্তি আসে নিউক্লিয়ার ফিশন থেকে, আর প্রচলিত বিদ্যুৎকেন্দ্রে তা উৎপন্ন হয় কয়লা বা গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে। অন্যদিকে নবায়নযোগ্য শক্তিভিত্তিক কেন্দ্রে ব্যবহৃত হয় পানি প্রবাহ, সূর্যালোক বা বায়ুশক্তি।
আমি মো তানজিল সিরাজ সিরাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 দিন 6 ঘন্টা যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 13 টিউনারকে ফলো করি।